
ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরায় হামলার শিকার হয়ে মারা গেছেন মাফিক নামের এক ব্যক্তি। এই ঘটনায় তার ছেলে শেখ আব্দুল হাফিজকে সহায়তা করতে এবং আন্দোলন জারি রাখতে ৫০ লাখ রুপি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটি তাদের ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
গত ১৩ আগস্ট বাঁকুড়ার ইন্দাস থানার কারিসuন্দা গ্রামে হাফিজের বাড়িতে সশস্ত্র কয়েকজন ব্যক্তি প্রবেশ করে তাকে ও তার বাবাকে বেধড়ক মারধর করে। হামলাকারীরা স্থানীয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট হাফিজের বাবা মাফিকের মৃত্যু হয়। ২৫ বছর বয়সী হাফিজ ওই দিনই গ্রামের একটি সরকারি স্কুল পরিদর্শন করে সেটির জরাজীর্ণ অবকাঠামো তুলে ধরেছিলেন, যার জেরেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ সিজেপির।
সিজেপির অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হাফিজের ওপর নির্যাতন চালিয়ে জোরপূর্বক একটি ভিডিও রেকর্ড করতে চেয়েছিল। যেখানে তাকে স্কুলের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার জন্য ক্ষমা চাইতে এবং এটি বাইরের কারও প্ররোচনায় করেছেন বলে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। হাফিজ তাতে রাজি না হওয়ায় তাকে ও তার বাবাকে নির্মমভাবে পেটানো হয়। এতে হাফিজের ঘাড়ে এবং তার বাবার মাথায় মারাত্মক জখম হয়। পরে হাসপাতাল থেকে ধারণ করা এক ভিডিওতে হাফিজ নিজের জখমের কথা জানান। পরবর্তীতে নিরাপত্তার কারণে তাকে কলকাতায় স্থানান্তর করা হয়।
এই বর্বরোচিত ঘটনার পর সরকারি কোনো আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছেন হাফিজ। সিজেপির একটি পোস্টে তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, “আমি ক্ষতিপূরণ চাই না। বরং একটি বিশ্বমানের স্কুল তৈরি করে সেটির নাম আমার বাবার নামে রাখুন।” ভালো সরকারি স্কুলের দাবিতে সোচ্চার হওয়াতেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন সিজেপি কর্মী অভিজিৎ দীপ। তিনি সাধারণ মানুষকে তাদের সামর্থ্য অনুযায়ী এই তহবিলে অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন।
এর আগে, গত ১৭ আগস্ট সিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটির একটি প্রতিনিধি দল কারিসুন্দা গ্রামে হাফিজের পরিবারের সঙ্গে দেখা করে। সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বে এই প্রতিনিধি দলটি তাদের সান্ত্বনা দেয়। দলটি পুনর্ব্যক্ত করেছে যে, মাফিকের মৃত্যুর পর হাফিজের পরিবারের পাশে থাকা এবং ওই এলাকায় সরকারি স্কুলের মানোন্নয়নের লড়াই অব্যাহত রাখতেই এই ৫০ লাখ রুপির তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৭: ৫৫আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ১৮: ০৪
আপনার মতামত লিখুন :