Facebook Twitter Instagram YouTube

নির্ধারিত সময়েই হবে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ /
নির্ধারিত সময়েই হবে ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা

২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, বর্তমানে পরীক্ষা পেছানোর মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, দুর্যোগ বা জাতীয় পর্যায়ে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি না হলে, আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ আমরা দেখছি না।

পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এবং প্রায় এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল। শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ক্লাস ও প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সুযোগ ও সময় রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। লিখিত পরীক্ষা ১৩ জুলাইয়ের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর পর এইচএসসি পরীক্ষার সূচিতেও কোনো পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নিশ্চিত করেন যে বর্তমানে এমন কোনো কারণ নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din