
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত উপাত্ত অনুযায়ী, একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ১ হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন।
বিভাগভিত্তিক মৃত্যুর চিত্রে দেখা যায়, গত এক দিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রোগীর প্রাণহানি ঘটেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৫৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। মারা যাওয়া রোগীদের মধ্যে ১০৪ জনের ক্ষেত্রে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। অন্যদিকে বাকি ১ হাজার ৫১ জন মারা গেছেন হামের আনুষঙ্গিক উপসর্গ নিয়ে।
প্রতিবেদনের তথ্য মতে, ২৪ ঘণ্টায় নতুন করে ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পরিলক্ষিত হয়েছে। এতে দেশে বর্তমানে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮ জনে। আর এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৩১ জনের। ফলে গত ১৫ মার্চ থেকে সারাদেশে নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩২৮ জনে।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে হামের সন্দেহ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন রোগী। চিকিৎসা গ্রহণ শেষে তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
আপনার মতামত লিখুন :