
মানিকগঞ্জ শহরের আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান—এমন কোনো ভেদাভেদ আমাদের থাকা উচিত নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই বাংলাদেশি। মাননীয় প্রধানমন্ত্রীও প্রত্যেক মানুষকে একইভাবে দেখেন। এই সম্প্রীতি বাংলাদেশের মানুষকে ধরে রাখতে হবে, কারণ এটাই আমাদের শক্তি অর্জন করছে।
তিনি আরও বলেন, জন্মাষ্টমীর এই দিনে আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিতে হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না এবং একে অপরের পাশে থাকব। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই মিলে একসঙ্গে চলার আহ্বান জানান তিনি।
‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে, এটাই সরকারের প্রত্যাশা। আলোচনা সভা শেষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জন্মাষ্টমীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন।
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৬
আপনার মতামত লিখুন :