
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে নতুন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শপথগ্রহণ অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা জারি করেছে। তবে আমন্ত্রিত অতিথিদের চলাচলের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৪৩ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং রাষ্ট্রের সকল আনুষ্ঠানিক কার্যক্রম তার নামেই পরিচালিত হয়।
আপনার মতামত লিখুন :