
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী ওই ছাত্রী দিঘলিয়া উপজেলার বাসিন্দা।
বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর স্কুলসংলগ্ন একটি ভবনে কর্মরত নির্মাণশ্রমিকরা ওই ছাত্রীর চিৎকার শুনতে পান। তারা দ্রুত এগিয়ে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। প্রাথমিকভাবে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্লাস শেষ হওয়ার পর ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তাকে মারধরের পাশাপাশি চেতনানাশক স্প্রে ব্যবহার করা হয়, যার ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর নিজেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে সে চিৎকার শুরু করে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানিয়েছেন, ভুক্তভোগী ছাত্রী হামলাকারীদের দেখতে না পাওয়ায় তাদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :