Facebook Twitter Instagram YouTube

নাইজেরিয়ায় নৌকাডুবি: শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
নাইজেরিয়ায় নৌকাডুবি: শিশুসহ অন্তত ৫০ জনের মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যের গোরোনিও স্থানীয় সরকার এলাকার গোরাউয়ের কাছে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটির (এনআইডব্লিউএ) স্থানীয় ব্যবস্থাপক আবদুলকাদির ইউসুফ জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনাস্থল থেকে প্রায় ৪০ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় একটি কমিউনিটি মসজিদের প্রাঙ্গণে ৫০টি মরদেহ রাখা হয়েছিল, যার মধ্যে অনেকগুলো মাদুর ও ঐতিহ্যবাহী কাপড়ে মোড়ানো ছিল। বৃহস্পতিবার সেখানে তাদের দাফনের প্রস্তুতি চলছিল। আরেক প্রত্যক্ষদর্শী শরহাবিলু কিলিয়া দাবি করেছেন, তারা ইতোমধ্যে ৪৬ জনকে দাফন করেছেন এবং পরে আরও মরদেহ আসায় মৃতের সংখ্যা এখন ৫৩ জনে দাঁড়িয়েছে।

নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয় এক বাসিন্দার দাবি, ধান কাটার জন্য জমির মালিক ও শ্রমিকদের বহনকারী নৌকাটিতে ৭০ জনেরও বেশি মানুষ ছিলেন। তবে অন্য এক বাসিন্দার মতে, যাত্রী সংখ্যা ছিল ৫৭ জন। সোকোতো রাজ্যের আইনসভার স্থানীয় সদস্য নাসিরু আদামু জানিয়েছেন, নৌকায় থাকা যাত্রীদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে ছিল এবং এখন পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

সরকারি কর্মকর্তারা এখনো নিহতের সংখ্যা চূড়ান্তভাবে নিশ্চিত করেননি। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক মুস্তাফা উমর জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা ঘটনাস্থলের দিকে যাত্রা করছেন এবং পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উল্লেখ্য, নাইজেরিয়ায় অতিরিক্ত যাত্রী বহন, রক্ষণাবেক্ষণের অভাব এবং নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে উদাসীনতার কারণে নদী ও জলপথে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে বর্ষা মৌসুমে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও ইয়োবে রাজ্যে নৌকাডুবিতে অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy