Facebook Twitter Instagram YouTube

মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে নিষেধাজ্ঞা চাইল মার্কিন কমিশন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ /
মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে নিষেধাজ্ঞা চাইল মার্কিন কমিশন

ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআরএফ)। একই সঙ্গে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন আরএসএস নেতাদের সঙ্গে কোনো উচ্চপর্যায়ের বৈঠক না করা হয় এবং তাদের কোনো ধরনের কূটনৈতিক সৌজন্য প্রদর্শন করা থেকে বিরত থাকা হয়।

এনডিটিভি জানিয়েছে, আগামী ২৯ আগস্ট নিউইয়র্কে ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশনস’ নামক একটি অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে মোহন ভাগবতের। আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ (এএইচইডি)-এর আয়োজনে এই অনুষ্ঠানে অংশ নিতেই তার যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে।

ইউএসসিআরএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএসের সদস্য। কমিশনটির ভাষ্যমতে, আরএসএস একটি ছাতাসংগঠন এবং এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ রয়েছে। ইউএসসিআরএফ কমিশনার জিন মিলস বলেন, আরএসএস নেতারা ভারত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হলেও তাদের উচ্চপর্যায়ের বৈঠক বা কূটনৈতিক সৌজন্য দেয়া উচিত নয়। বরং ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী আরএসএস সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মার্কিন সরকারকে মনোযোগী হওয়া প্রয়োজন। কমিশন তাদের চেয়ারম্যান ও কমিশনারের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে।

এর আগে মার্চ মাসে প্রকাশিত ইউএসসিআরএফের বার্ষিক প্রতিবেদনেও ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির সমালোচনা করা হয়েছিল। ওই প্রতিবেদনে আরএসএস এবং ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসহ (র) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল। একই সঙ্গে ভারতকে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশও ছিল কমিশনের প্রতিবেদনে।

তবে ইউএসসিআরএফের এই প্রতিবেদন শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের মূল্যায়নকে ‘বিকৃত ও বাছাই করা’ বলে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কমিশনের বিরুদ্ধে ‘সন্দেহজনক উৎস ও আদর্শিক বয়ানের’ ওপর নির্ভর করার অভিযোগ তুলেছেন। তিনি এর আগে যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর ও হামলা এবং ভারতীয় প্রবাসীদের ওপর অসহিষ্ণুতা ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ইউএসসিআরএফ যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন ও দ্বিদলীয় ফেডারেল কমিশন, যারা আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসকে নীতিগত সুপারিশ দিয়ে থাকে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin