Facebook Twitter Instagram YouTube

বর্ষায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু প্রাথমিক বিদ্যালয়


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ /
বর্ষায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে বাবুগঞ্জের পশ্চিম রাজগুরু প্রাথমিক বিদ্যালয়

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ১০২ নম্বর পশ্চিম রাজগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে তলিয়ে থাকছে। এই দীর্ঘস্থায়ী পানি জমার ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের খেলাধুলা এবং যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। একইসঙ্গে দীর্ঘদিন পানি জমে থাকায় পানিবাহিত বিভিন্ন রোগের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বিদ্যালয়ের মাঠটি পার্শ্ববর্তী এলাকার চেয়ে নিচু হওয়ায় বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতে পারে না। এছাড়া পশ্চিম রাজগুরু ও দক্ষিণ ভুতেরদিয়া এলাকার সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না রাখা এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট না থাকাকেই জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দেখছেন তারা। বর্ষা এলেই বিদ্যালয়ের মাঠ ও প্রবেশপথে পানি জমে গিয়ে একাকার হয়ে যায়, ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়েই পানির মধ্য দিয়ে স্কুলে আসতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বিদ্যালয়ের প্রবেশের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবক কাইয়ুম হোসেন খান জানান, বিদ্যালয়ের চারপাশে পানি জমে থাকায় সন্তানদের স্কুলে পাঠাতে তারা সব সময় উদ্বিগ্ন থাকেন। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে তিনি দ্রুত মাঠ ভরাট ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম দুলালও একই সমস্যার কথা স্বীকার করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত উন্নত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন।

নতুন যোগ দেওয়া বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন জানান, তিনি বিদ্যালয়গুলো পরিদর্শন করে সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে এবং ইতিমধ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ভরাটের কাজ শুরু হয়েছে। পশ্চিম রাজগুরু বিদ্যালয়ের ক্ষেত্রেও পানি নিষ্কাশন ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। এছাড়া বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকার জানিয়েছেন, মানসম্মত ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বাবুগঞ্জসহ আশপাশের এলাকার নিচু মাঠ ভরাটের কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh