
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে এতদিন যে জল্পনা চলছিল, তার অবসান ঘটিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান নিশ্চিত করেছেন যে, মোজতবা খামেনি বর্তমানে শারীরিকভাবে ‘পুরোপুরি সুস্থ’ আছেন।
এর আগে মোজতবা খামেনির সঙ্গে প্রায় সাত ঘণ্টা ধরে এক বৈঠক করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সেই বৈঠকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, তাদের আলোচনাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও ‘খুব ভালো’। বৈঠকে দেশের মানুষের জীবনযাত্রা, কর্মসংস্থান ও আবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান আরও উল্লেখ করেন যে, সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্য ও সংহতিকে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এর আগে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মোজতবা খামেনির সঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বৈঠকের খবর প্রকাশ করেছিল। তবে সেই বৈঠকের আগে বা পরে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতার দায়িত্ব দেওয়া হলেও, এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। এই দীর্ঘ অনুপস্থিতিই তার শারীরিক অবস্থা ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। সর্বশেষ প্রেসিডেন্টের এই বক্তব্যের মাধ্যমে ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেল।
আপনার মতামত লিখুন :