Facebook Twitter Instagram YouTube

পুরোনো জি-মেইল অ্যাকাউন্ট রেখেই ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল


প্রকাশের সময় : আগস্ট ১২, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ণ /
পুরোনো জি-মেইল অ্যাকাউন্ট রেখেই ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল

শখের বশে কিংবা মজার ছলে খোলা জি-মেইল ঠিকানা পরবর্তী সময়ে চাকরি, ব্যবসা বা পেশাগত যোগাযোগের ক্ষেত্রে অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এতদিন এমন পরিস্থিতিতে নতুন অ্যাকাউন্ট খোলাই ছিল প্রধান সমাধান। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে গুগল এখন পুরোনো অ্যাকাউন্ট ঠিক রেখেই জি-মেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে।

নতুন ‘চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ই-মেইল’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যবহারকারী পুরোনো জি-মেইল ঠিকানার পরিবর্তে নতুন ঠিকানা বেছে নিতে পারবেন। এর জন্য নতুন গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না এবং পুরোনো অ্যাকাউন্টের তথ্য ও ডাটা আগের মতোই সংরক্ষিত থাকবে।

জি-মেইল অ্যাপ বা গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে এ সুবিধা পাওয়া যেতে পারে। প্রথমে নিজের গুগল অ্যাকাউন্টের প্রোফাইলে প্রবেশ করে ‘প্রফেশনাল ইনফো’ বিভাগে যেতে হবে। এরপর ‘ই-মেইল’ অপশন নির্বাচন করলে, সুবিধাটি চালু থাকা অ্যাকাউন্টে জি-মেইল ঠিকানা পরিবর্তনের অপশন দেখা যাবে। সেখান থেকে নতুন জি-মেইল ইউজারনেম নির্বাচন করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আগে অন্য কেউ ব্যবহার করেছে এমন ঠিকানা বেছে নেওয়া যাবে না। গুগল ধাপে ধাপে এই সুবিধা চালু করছে, তাই সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে এখনই অপশনটি নাও দেখা যেতে পারে।

নতুন সুবিধাটি ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে গুগল। সাধারণভাবে বছরে একবার জি-মেইল ঠিকানা পরিবর্তন করা যাবে এবং একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তনের সুযোগ থাকবে। তাই নতুন ঠিকানা নির্বাচনের আগে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ঠিকানা পরিবর্তনের পর পুরোনো জি-মেইল অ্যাড্রেস পুরোপুরি হারিয়ে যাবে না। এটি অ্যাকাউন্টের সঙ্গে অ্যালিয়াস হিসেবে যুক্ত থাকবে। ফলে পুরোনো ঠিকানায় পাঠানো ই-মেইলও ব্যবহারকারী পাবেন। একই সঙ্গে নতুন ঠিকানা দিয়ে ই-মেইল পাঠানো ও গ্রহণ করা যাবে। এমনকি গুগল অ্যাকাউন্টে সাইন ইন করার ক্ষেত্রেও পুরোনো ও নতুন—দুই ঠিকানাই ব্যবহার করা যাবে। ফলে নতুন ঠিকানা নেওয়ার সময় পুরোনো অ্যাকাউন্ট, জি-মেইল বা সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আশঙ্কা নেই।

অনেকেই কম বয়সে ডাকনাম, মজার শব্দ বা পছন্দের চরিত্রের নামে জি-মেইল অ্যাকাউন্ট খুলে থাকেন। পরবর্তী সময়ে চাকরির আবেদন, অফিসের যোগাযোগ কিংবা ব্যবসায়িক কাজে সেই ঠিকানা ব্যবহার করলে সেটি সবসময় পেশাদার মনে নাও হতে পারে। গুগলের নতুন সুবিধার ফলে এসব ব্যবহারকারী পুরোনো অ্যাকাউন্ট ও ডাটা অক্ষুণ্ন রেখেই তুলনামূলকভাবে পেশাদার একটি জি-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন। এতে নতুন অ্যাকাউন্ট খোলা, পুরোনো তথ্য স্থানান্তর কিংবা গুরুত্বপূর্ণ ই-মেইল হারানোর মতো ঝামেলাও এড়ানো সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh