
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ভার্চ্যুয়াল শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা এবং রমজান আলী মাদবর নামে আরও দুই আসামিকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
আদালতের এই সংক্রান্ত নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম। শুনানির সময় কারাগার থেকে আসামি মমতাজ বেগম ও রমজান আলীকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিদের মামলায় গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তরা আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী। তারা মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। ফলে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় অবস্থান নেন ওমর ফারুক শাকিল। আন্দোলনকালে আসামিরা তার ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ শাকিলকে চিকিৎসার জন্য প্রথমে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ওই হামলায় ওমর ফারুক শাকিলের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই সহিংস ঘটনার পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যার ধারাবাহিকতায় আদালত আজ আসামিদের গ্রেপ্তার দেখানোর এই আদেশ দিলেন।
আপনার মতামত লিখুন :