Facebook Twitter Instagram YouTube

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ /
এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক

রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট। এনসিপির পক্ষ থেকে এ সময় দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ভারপ্রাপ্ত প্রধান আলাউদ্দিন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ্ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক উত্তরণ, জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দর্শন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কার্যকর অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন উভয়পক্ষ। একই সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে জনগণের মধ্যে থাকা বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয়টি এনসিপি নেতারা রাষ্ট্রদূতের সামনে উপস্থাপন করেন। এর জবাবে মার্কিন প্রতিনিধিদল চুক্তিটির বিভিন্ন দিক ব্যাখ্যা করে তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আহ্বান জানায়। মার্কিন প্রতিনিধিদলের মতে, এ চুক্তিটি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে, যা উভয় দেশের জনগণের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এনসিপি নেতারা অভিযোগ করেন যে, গণভোটের রায়কে যথাযথ গুরুত্ব না দিয়ে সরকার সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে সংস্কার বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছে, তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাজনৈতিক সংলাপ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্পৃক্ততার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy