
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’ প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা বাতিল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে সরব হয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা কেন্দ্রীয় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে ২০ জুলাইয়ের আন্দোলনের চেয়েও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন সংগঠনের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয়, তারা সরকারের কাছে তিনটি প্রধান দাবি এবং শিক্ষা ব্যবস্থার স্থায়ী সংস্কারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছে। সিজেপির দাবি অনুযায়ী, সরকার তাদের দ্বিতীয় ও তৃতীয় দাবির বিষয়ে নীতিগত সম্মতি প্রকাশ করেছে। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সরকার শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়েছে।
এ বিষয়ে পরবর্তী বৈঠক শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। তবে সিজেপি তাদের অবস্থানে অনড় থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষা সংস্কারের পাঁচ দফা এজেন্ডা নিয়ে তারা আর কোনো আলোচনায় বসবে না।
আপনার মতামত লিখুন :