Facebook Twitter Instagram YouTube

২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
২৮ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকার নতুন করে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সাম্প্রতিক এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সারাদেশে হামের প্রকোপ চলমান থাকায় সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে এবং নতুন করে টিকার সংগ্রহ সম্পন্ন করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে হামের প্রাদুর্ভাব দেখা দিলে এপ্রিল থেকে একটি বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল, যা মে মাসের মাঝামাঝি পর্যন্ত সারাদেশে চালানো হয়। তবে সেই কর্মসূচির পরও সংক্রমণ ও মৃত্যুর হার প্রত্যাশিত মাত্রায় কমেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

সরকারের পূর্ববর্তী বিশেষ টিকাদান কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা ছিল। সরকারের ভাষ্যমতে, সেই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার ১০৩ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এখনও অনেক শিশু টিকাদান কর্মসূচির বাইরে রয়ে গেছে। নতুন এই কর্মসূচির মাধ্যমে আগের টিকাদান থেকে বাদ পড়া প্রায় ৩০ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din