Facebook Twitter Instagram YouTube

আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ /
আগামী ২ সেপ্টেম্বর ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও সুশৃঙ্খল করতে ঢাকায় একটি নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

নতুন এই কেন্দ্র চালুর সঙ্গে সঙ্গে সাধারণ ভিসা আবেদন এবং পাসপোর্ট সংগ্রহের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, কেন্দ্রটি চালু হওয়ার পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত সব আবেদন কেবল এই ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও প্রক্রিয়াজাত করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থা অপরিবর্তিত থাকছে; এসব ভিসার আবেদন, পাসপোর্ট সংগ্রহ এবং ভিসা ইস্যুর কার্যক্রম সরাসরি দূতাবাস থেকেই সম্পন্ন হবে।

নতুন এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ঠিকানা নির্ধারণ করা হয়েছে ২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

ভিসা প্রত্যাশীদের জন্য নতুন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা থাকবে। তবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি এবং এই সুবিধা কখন থেকে চালু হবে, তা আগামী ২৭ আগস্ট একটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এছাড়া নোটারাইজেশন ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবাগুলো আগের নিয়মেই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে দেওয়া হবে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরুর সময়, সেবার সময়সূচি, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনার অন্যান্য বিষয় পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। ভিসা প্রত্যাশীদের নিয়মিত দূতাবাসের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার দূতাবাসের আশা, পৃথক ভিসা আবেদন কেন্দ্র চালু হলে আবেদনকারীদের ভোগান্তি কমবে এবং ভিসা সংক্রান্ত সেবায় আরও সহজ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor