
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ জনে দাঁড়িয়েছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। এই ভয়াবহ বিপর্যয়ে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো এখনো তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে নেপালের উত্তরাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বিবিসি জানিয়েছে, নেপাল-তিব্বত সীমান্তের ভোটে কোশি নদীতে পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে পানির গতিপথ বাধাগ্রস্ত হয়ে একটি হ্রদ তৈরি হয়েছে। স্যাটেলাইট ছবি ও প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এই জমা হওয়া পানির হ্রদটি আকারে ক্রমাগত বড় হচ্ছে, যা ভাটির অঞ্চলের জন্য প্রবল বন্যার ঝুঁকি তৈরি করেছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে চীনের কাছ থেকে পাওয়া তথ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে। বুধবার তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভূমিধসের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :