Facebook Twitter Instagram YouTube

‘নতুন কুঁড়ি স্পোর্টস’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ /
‘নতুন কুঁড়ি স্পোর্টস’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্ব। সমাপনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে ধারণ করে গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে এই ক্রীড়া আসরের যাত্রা শুরু হয়েছিল। এবারের আসরের মূল প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। উপজেলা ও জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার উদীয়মান ক্রীড়াবিদ মোট আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। সেখান থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে চূড়ান্তভাবে জাতীয় পর্বের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে তিনি দর্শক সারিতে গিয়ে খুদে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং হাত মেলান। প্রধানমন্ত্রীর এমন সান্নিধ্যে স্কুলশিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

এরপর প্রধানমন্ত্রী মাঠে বসে বালিকাদের ফুটবল ফাইনাল ম্যাচ এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ী অ্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্কুলশিক্ষার্থীদের পরিবেশিত একটি মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন প্রধানমন্ত্রী।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin