
নেপালের সুনসারি জেলায় চলমান সংঘর্ষের কোনো লক্ষণ না থাকায় স্থানীয় প্রশাসন নিরাপত্তা আরও জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার রাত ৯টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে প্রধান জেলা কর্মকর্তা ঈশ্বরী প্রসাদ আর্যাল এই নতুন নির্দেশ জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এই আদেশে সব ধরনের জনসমাগম, মিছিল, সভা, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ইটাহারি উপ-মহানগরী, রামধুনি পৌরশাসাসহ ইনারুয়া, ধুবি, ভোকরাহা নারসিংহ, কোশি, গাধি, দেওয়ানগঞ্জ, হারিনগর এবং বারজু এলাকায় এই কারফিউ কার্যকর রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে প্রথম দফায় আংশিক এলাকায় কারফিউ জারি করা হলেও সংঘর্ষের আশঙ্কায় এর পরিধি পরে বাড়ানো হয় এবং রাস্তায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী নামানো হয়।
এদিকে, চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এক সরকারি বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার সব খরচ রাষ্ট্র বহন করবে বলে ঘোষণা দেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, গত রবিবার রাতে দেওয়ানগঞ্জ গ্রামীণ পৌরসভার কাপতানগঞ্জ এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতি হতে শুরু করে। পরবর্তীতে এই সহিংসতা জেলা সদর ইনারুয়াসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং কোশি বাঁধ এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সুনসারির এই ঘটনার প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতেও বিক্ষোভ মিছিল হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব পক্ষকে শান্তি বজায় রাখার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :