Facebook Twitter Instagram YouTube

ফ্রান্সে বাড়ছে বাংলাদেশি প্রবাসী, বৈধ কাগজ ও ভাষাজ্ঞান বড় চ্যালেঞ্জ


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ /
ফ্রান্সে বাড়ছে বাংলাদেশি প্রবাসী, বৈধ কাগজ ও ভাষাজ্ঞান বড় চ্যালেঞ্জ

প্যারিসের উপকণ্ঠে একটি রেস্টুরেন্টে ভোর থেকে কাজ শুরু করেন মো. সেলিম (ছদ্মনাম)। ফ্রান্সে ১০ বছর ধরে বসবাসরত এই প্রবাসী স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার সামলালেও এখনো স্থায়ী পরিচয়ের জন্য অপেক্ষা করছেন। তার এই জীবন যেন ফ্রান্সে বসবাসরত হাজারো বাংলাদেশির বাস্তব প্রতিচ্ছবি। পরিবারের সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর সেলিম দীর্ঘ সময় কাজ করেন, কিন্তু সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান খুবই কম। সকালে যখন তিনি কর্মস্থলে যান, তখন সন্তানরা স্কুলে থাকে, আবার গভীর রাতে যখন বাসায় ফেরেন, তখন তারা ঘুমিয়ে পড়ে। সপ্তাহের কেবল রোববার দিনটি পরিবারের জন্য বরাদ্দ থাকলেও বাজার করা, প্রশাসনিক অ্যাপয়েন্টমেন্ট ও গৃহস্থালি কাজেই সেই সময় শেষ হয়ে যায়। সেলিম জানান, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই তিনি এখানে টিকে আছেন, কিন্তু কাগজের অনিশ্চয়তা সবসময় একটি মানসিক চাপ হিসেবে কাজ করে।

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির আকার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন, যদিও সরকারিভাবে তাদের মোট সংখ্যার পূর্ণাঙ্গ তথ্য সব সময় প্রকাশিত হয় না। এই বিশাল জনগোষ্ঠীর অধিকাংশ মানুষই অত্যন্ত পরিশ্রমী। তারা রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, পরিবহন, ডেলিভারি এবং ছোট ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

তবে প্রবাসীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৈধ থাকার অনুমতি বা রেসিডেন্স কার্ড (titre de séjour) পাওয়া। অনেকে দীর্ঘ সময় ধরে আবেদন ও কাগজপত্র জমা দিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এই অনিশ্চয়তা কেবল তাদের কাজের ক্ষেত্রে নয়, বরং বাসা ভাড়া, ব্যাংকিং কার্যক্রম এবং পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। একজন প্রবাসী বলেন, তারা নিয়ম মেনে কাজ করলেও সব সময় কাগজের বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় থাকেন। প্রবাসীদের মতে, প্রশাসনিক প্রক্রিয়া যদি আরও সহজ ও স্বচ্ছ করা হয়, তবে ফ্রান্সে দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিদের জীবন অনেক বেশি সহজ ও সাবলীল হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin