
পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও যোগ করেন, বিএনপি সবসময় ঐক্যে বিশ্বাসী এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি টানা ১৬ বছর ধরে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাইয়ের এই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও রিকশাচালকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন।
ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া হবে না। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে এক ধরনের আচরণ এবং বাইরে ভিন্ন অবস্থান নেওয়ার নীতি পরিহার করা উচিত। একই সঙ্গে তিনি অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। এ সময় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমও উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :