Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনায় ইরানকে ওমানের নতুন প্রস্তাব


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ণ /
হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনায় ইরানকে ওমানের নতুন প্রস্তাব

হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার জন্য ইরানের কাছে একটি নতুন ‘যৌথ আঞ্চলিক ব্যবস্থার’ প্রস্তাব দিয়েছে ওমান। এই প্রস্তাবের আওতায় প্রণালিটি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে স্বেচ্ছামূলক ফি নেওয়ার কথা বলা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ওমানের এই প্রস্তাবটিতে আঞ্চলিক দেশগুলোর সমর্থন রয়েছে। গত সপ্তাহান্তে ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের কাছে ওমান এই প্রস্তাবটি হস্তান্তর করে। ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী মালাক্কা প্রণালির ব্যবস্থাপনার আদলে এই প্রস্তাবটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, মালাক্কা প্রণালির সীমানা সংলগ্ন তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে সেটি পরিচালিত হয়। ওমানের প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো স্বেচ্ছায় একটি তহবিলে অর্থ দেবে। এই তহবিল থেকে নৌপথ পরিচালনা, পরিবেশ রক্ষা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের যাবতীয় ব্যয় নির্বাহ করা হবে।

যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে এই প্রণালির ব্যবস্থাপনা শান্তি আলোচনার অন্যতম জটিল বিষয়ে পরিণত হয়েছে এবং এটি নতুন করে সংঘাত সৃষ্টির কারণ হয়ে উঠছে। ইরানের দাবি, যুদ্ধের আগের মতো অবাধে জাহাজ চলাচলের পরিস্থিতিতে হরমুজ প্রণালি আর ফিরে যেতে পারে না। তবে উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানকে কোনো ধরনের বাধ্যতামূলক ফি দেওয়ার ব্যবস্থা তারা মেনে নেবে না。

এই সংকটের মধ্যেই গত সোমবার ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাকচি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, যৌথ কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়া এবং মার্কিন আগ্রাসী কর্মকাণ্ডের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তাহীনতা দূর করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন যে ইরানের সঙ্গে তাদের ‘ভালো আলোচনা’ চলছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই আলোচনা যদি শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক হামলা শুরু করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh