Facebook Twitter Instagram YouTube

ভারতের সমালোচনা করে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ /
ভারতের সমালোচনা করে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেছেন, ‘কাজ করবেন শত্রুর, গালভরা বলবেন আমি বন্ধু, বাংলাদেশের মানুষ এত বোকা না।’ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘পাশের দেশ দাবি করে তারা আমাদের সবচেয়ে বড় বন্ধু। তাহলে বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আপনারা বুকে জায়গা দিয়েছেন কেন? শুধু জায়গা দেননি, আপনারা কূটনৈতিক শিষ্টাচার এবং দুই রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়ে তাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আমরা তার নিন্দা জানাই।’

আওয়ামী লীগ সরকারের পতনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘আজকে পালিয়ে যাওয়ারা উঁকি-ঝুঁকি দিচ্ছে, মাঝে মাঝেই গল্প শোনায়—এই বুঝি এসে গেল। যে মানুষ প্রতিদিন বলে আমি আত্মহত্যা করব, সে জীবনেও আত্মহত্যা করে না। আর যে বীর যুদ্ধের ময়দানে লড়ে যায়, সে বলে না যে আমি একজন বীর যোদ্ধা। বরং জাতি বলে যে সে বীর যোদ্ধা। এত সাহস, তাহলে গেলেন কেন?’

শেখ হাসিনার ভারত সফর বা আশ্রয় প্রসঙ্গে তিনি বলেন, ‘তার ভাব এমন যে আমি মক্কা যেতে চেয়েছিলাম, নিয়ে গেছে মস্কোয়। এখন তিনি বলেন, কই আমি তো গোপালগঞ্জ যেতে চেয়েছিলাম, এখানে কেন নিয়ে এসেছে। অথচ এখন সব কিছু বের হয়ে আসছে, তিন দিন পাশের দেশে একাধিক ফোন গেছে। তাদের কাছে আশ্রয় চাওয়া হয়েছে। তাহলে কি গোপালগঞ্জ যেতে ভারতের কাছে ফোন দিয়েছিলেন নাকি? জাতির সঙ্গে এই তামাশা তারা আর দেখতেও চায় না, শুনতেও চায় না।’

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘এ দেশের ফ্যাসিবাদিদের বিদায় দেওয়া হয়েছে, ফ্যাসিবাদে আক্রান্তরা বিদায় নিয়েছেন। আমরা নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। তবে ফ্যাসিবাদ একটা ভাইরাস। এটা কোনো ব্যক্তি নয়, ব্যক্তির গায়ে বসে। এই ভাইরাস যাকেই পাবে, তাকে ফ্যাসিবাদী বানিয়ে ছাড়বে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে সমস্ত কাজ-অপকর্ম করার কারণে ওই সরকারকে ফ্যাসিবাদি বলছি, আজকেও যদি একই কাজ করেন, নিঃসন্দেহে তারাও ফ্যাসিবাদ। যে কাজ অন্যের সন্তান করলে সন্ত্রাসী বলব, সেই কাজ আমার সন্তান করলে তাকেও বলতে হবে সন্ত্রাসী।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy