
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৬ই আগস্ট আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। সম্প্রতি সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় ইউনিফর্ম বিতরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালাচ্ছে। এর অংশ হিসেবেই বিনামূল্যে ইউনিফর্ম বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ইউনিফর্মের নকশা আগেই চূড়ান্ত করা হয়েছে, যেখানে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা এবং পোশাকে একরূপতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নকশা অনুযায়ী, ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস এবং মেয়েদের জন্য ফ্রকের মডেল নির্ধারণ করা হয়েছে। গত ২৯শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই মডেল উপস্থাপন করা হয়েছিল।
প্রাথমিকভাবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় এই ইউনিফর্ম বিতরণ করা হবে। এছাড়া শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও জুতা দেওয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের। এই কার্যক্রমে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে।
আপনার মতামত লিখুন :