Facebook Twitter Instagram YouTube

ডন গ্রেপ্তার: সালমান শাহ হত্যায় জড়িতদের বিচারের আশা মায়ের


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
ডন গ্রেপ্তার: সালমান শাহ হত্যায় জড়িতদের বিচারের আশা মায়ের

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেপ্তারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি দাবি করেছেন, তার ছেলে হত্যার সঙ্গে ডন ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

ডনের গ্রেপ্তারের খবর পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নীলা চৌধুরী বলেন, ‘সালমান আমার সন্তান। সে আমার বুকের মধ্যে আছে, থাকবে। তাকে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি আমার আস্থা আছে। সালমান হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হোক। আশা করি, আমি আমার সন্তান হত্যার বিচার একদিন পাব।’

১৯৯৭ সালের নভেম্বরে সিআইডি আদালতে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে সালমানের বাবা সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজের আদালত বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করেন এবং মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরদিন, ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এতে সালমান শাহর স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের তালিকায় ডনের নামও রয়েছে। এছাড়া শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রিজভী আহমেদ ফরহাদসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে, মামলার তদন্তের অংশ হিসেবে সালমান শাহর মরদেহের দেহাবশেষ উত্তোলন ও ময়নাতদন্তের অনুমতি চাওয়া হয়েছিল। আদালত অনুমতি দিলেও বাদীপক্ষ সেই আদেশ বাতিলের আবেদন করে। প্রায় তিন দশক পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে। মামলার অন্যতম আসামি ডনের গ্রেপ্তারকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din