
চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেলে এই সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ উন্নয়নে হেফাজত ইসলামকে পাশে থাকার আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনের সময় ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজত ইসলাম বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও সেভাবে তাদের পাশে পাওয়া যাবে বলে আশা করছি। তিনি আরও বলেন, দেশের বিপদ মোকাবিলায় আপনারা একসঙ্গে কাজ করেছেন, যার ফলে দেশকে আমরা মুক্ত করেছি। তবে সমস্যা এখনও শেষ হয়নি। ফ্যাসিবাদের আমলে দেশ ও জনগণের সম্পদ যেভাবে লুট করা হয়েছে, তা আমরা দেখেছি। নির্বাচনের পরও আমরা অনেক সমস্যা দেখতে পেয়েছি।
ফটিকছড়ির স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, এই এলাকায় হাসপাতালের সমস্যা রয়েছে, শিক্ষার সমস্যা রয়েছে। স্কুল-কলেজ ও কর্মসংস্থানের দাবি আছে। বিদ্যুৎ ও গ্যাসের সমস্যাও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। গ্যাস সংকটের বিষয়ে তিনি মন্তব্য করেন, বিগত ফ্যাসিবাদের আমলে দেশে নিজেদের গ্যাস আছে কিনা, সেটি খুঁজে বের করার চেষ্টা করা হয়নি। এমন হয়েছে যে অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে এবং বিদেশিদের হাতে গ্যাস তুলে দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব। ফটিকছড়ির বাবুনগরীতে হেফাজত আমিরের দোয়া নিতে এসেছি।
এর আগে রোববার বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।
আপনার মতামত লিখুন :