Facebook Twitter Instagram YouTube

ধূমপায়ী ও হৃদরোগীদের রক্তে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ /
ধূমপায়ী ও হৃদরোগীদের রক্তে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

যারা নিয়মিত ধূমপান করেন এবং দূষিত বায়ুর সংস্পর্শে থাকেন, তাদের রক্তে উচ্চমাত্রায় ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি ইতালির রোমে অবস্থিত সান্ত আন্দ্রেয়া হাসপাতাল ও সাপিয়েনজা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত এ গবেষণায় দেখা গেছে, সুস্থ মানুষের তুলনায় হৃদরোগী বা হার্ট অ্যাটাক হওয়া ব্যক্তিদের শরীরে এই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি আশঙ্কাজনকভাবে বেশি।

গবেষণার মূল তত্ত্ব তুলে ধরে প্রধান গবেষক ড. পাসকুয়ালে পাওলিসো জানান, মানুষের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে প্লাস্টিক কণা পাওয়ার কথা আগে জানা গেলেও হৃদপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনী বা ‘করোনারি সার্কুলেশন’-এ এর উপস্থিতি কেমন এবং ধূমপান বা বায়ুদূষণ এতে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়ে আগে কোনো স্পষ্ট ধারণা ছিল না। এই রহস্য উন্মোচনে ড. পাওলিসোর দল হৃদপিণ্ডের ধমনী থেকে মোট ৬১ জন রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন। তাদের মধ্যে কিছু রোগী সম্প্রতি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন, কয়েকজন দীর্ঘস্থায়ী হৃদরোগী ছিলেন এবং বাকিরা ছিলেন সম্পূর্ণ সুস্থ।

সংগৃহীত রক্তের নমুনা পরীক্ষা করে গবেষকরা দেখতে পান, হার্ট অ্যাটাক করা রোগীদের ৮৪ শতাংশের রক্তপ্রবাহে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। অন্যদিকে, দীর্ঘস্থায়ী হৃদরোগে আক্রান্ত কিন্তু হার্ট অ্যাটাক না হওয়া রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৪০ শতাংশ। আর সম্পূর্ণ সুস্থ ব্যক্তিদের রক্তে প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে মাত্র ৩২ শতাংশের শরীরে।

গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ কিছু অভ্যাসের কারণে রক্তে মাইক্রোপ্লাস্টিক জমার ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। সাধারণ মানুষের তুলনায় ধূমপায়ীদের রক্তে অতিমাত্রায় প্লাস্টিক কণা জমা হওয়ার আশঙ্কা প্রায় ৬ গুণ বেশি। একই সঙ্গে যারা প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়া ও তীব্র বায়ুদূষণের মধ্যে বসবাস করেন, তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি একইভাবে বেড়ে যায়। গবেষণার উপাত্ত অনুযায়ী, ধূমপায়ী এবং দূষিত আবহাওয়ায় বসবাসকারী রোগীদের শতভাগেরই (১০০ শতাংশ) রক্তে উচ্চমাত্রার প্লাস্টিক পাওয়া গেছে। এর বিপরীতে ধূমপান না করা এবং দূষণমুক্ত পরিবেশে থাকা ব্যক্তিদের রক্তে এই হার ছিল মাত্র ১২.৫ শতাংশ।

গবেষণাদলের অন্যতম জ্যেষ্ঠ গবেষক ড. ইমানুয়েলে বারবাতো এই ফলাফলের ব্যাখ্যা দিয়ে বলেন, এই তথ্য সরাসরি প্রমাণ করে না যে কেবল মাইক্রোপ্লাস্টিকের কারণেই হার্ট অ্যাটাক হয়। তবে এটি পরিবেশগত দূষণ, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং হৃদরোগের চরম ঝুঁকির মধ্যে একটি নিবিড় ও প্রত্যক্ষ সম্পর্কের ইঙ্গিত দেয়। তিনি আরও জানান, ধূমপান ও বায়ুদূষণের ফলে ফুসফুসের মাধ্যমে রক্তে প্লাস্টিক কণা প্রবেশের পথটি অনেক বেশি সহজ ও মসৃণ হয়ে ওঠে।

জার্মানির মেইঞ্জের জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটির বিশেষজ্ঞ ড. আন্দ্রেয়াস ডাইবার এই গবেষণার ওপর জার্নালটির এক সম্পাদকীয়তে সতর্কবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ন্যানো ও মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত এক বড় হুমকি হয়ে উঠছে। চিকিৎসাবিজ্ঞানীদের আশঙ্কা, আধুনিক যুগে প্লাস্টিক দূষণ আকস্মিক হৃদরোগের অন্যতম এক অদৃশ্য ঝুঁকি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh