
পাবনার সাঁথিয়া উপজেলায় আ. শুকুর নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রতনপুর গ্রামের আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। নিহত আ. শুকুর (৪৮) রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে এবং ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাত নয়টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই শুকুর নিখোঁজ ছিলেন। তার কোনো সন্ধান না পাওয়ায় শনিবার পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় বিষয়টি অবহিত করা হয়।
নিখোঁজের সংবাদ পাওয়ার পর পুলিশ অভিযানে নামে এবং পার্শ্ববর্তী ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামের আজিজের বাঁশবাগানে শুকুরের লাশ খুঁজে পায়। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ এবং খুনের মূল রহস্য বা ক্লু উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা চলছে।
আপনার মতামত লিখুন :