
দেশজুড়ে চলমান তীব্র তাপদাহ এবং জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এর প্রভাবে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের মাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উপকেন্দ্র ও দপ্তরে হামলার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে।
এমন প্রতিকূল ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত গ্রিড, উপকেন্দ্র ও দাপ্তরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ) জরুরি পদক্ষেপ চেয়েছে। বুধবার (১২ আগস্ট) এই নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় গ্রামাঞ্চলে জনরোষ বাড়ছে। এই জনরোষের কারণে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও উপকেন্দ্রগুলো হামলার ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা জোরদার করার মাধ্যমেই এই স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলে এসোসিয়েশন মনে করছে।
আপনার মতামত লিখুন :