
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নতুন এই নির্দেশনা অনুযায়ী, বুধবার থেকেই দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে আগের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখতে হবে। দেশের বিভিন্ন এলাকায় চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও একই সময়সীমা প্রযোজ্য হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। নির্দেশনা বাস্তবায়নে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত সময়ে শেষ করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট সংস্থার কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :