
২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান থেকে নারীদের যে গতিশীল ভূমিকা শুরু হয়েছে, তা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা (এমপি)। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত 'অদম্য জুলাই' স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে নুরুন্নিসা সিদ্দিকা স্পষ্ট জানিয়ে দেন, জুলাই আন্দোলনের স্পিরিট ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই আওয়ামী লীগকে অনুসরণ করছে বিএনপি, যা তাদের নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে।
ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের সেক্রেটারি সুফিয়া জামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্মারক প্রকাশের পটভূমি তুলে ধরা হয়। সুফিয়া জামাল বলেন, জুলাইয়ের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 'অদম্য জুলাই' প্রকাশ করা হয়েছে। এটি ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের পর ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের প্রথম স্মারক প্রকাশনা। তিনি জানান, জুলাইকেন্দ্রিক এই কার্যক্রম ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি জুলাই সনদের অপরিহার্যতা নিয়ে বলেন, এটি বাস্তবায়নে বিলম্বের কোনো সুযোগ নেই। মূল স্পিরিট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের অধিকার অপূর্ণ থেকে যাবে। একই সুর ছিল সংসদ সদস্য মারজিয়া বেগম ও নাজমুন নাহার নীলুর কণ্ঠেও। ডা. মাহমুদা মিতু ইতিহাস সংরক্ষণের এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয় এবং সম্পাদকীয় পরিষদের পরিচিতি তুলে ধরেন আকলিমা ফেরদৌসী। এছাড়া শিশুদের ওপর সংঘটিত গণহত্যার ওপর আরেকটি ডকুমেন্টারি দেখানো হয়। লেখক মাসুমা তাসনিম, সুমাইয়া সিদ্দিকা ও রেহানা সুলতানা স্মারক গ্রন্থটি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না এবং ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর নাঈমা মোয়াজ্জেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমেনা বেগম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :