
সংগীতশিল্পী ও লেখিকা পারশা মাহজাবীন পূর্ণী সম্প্রতি নিজের বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ ও খোলামেলা স্ট্যাটাস দিয়েছেন। আসাদ নূরকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যে নানামুখী আলোচনা-সমালোচনা ও বিতর্ক চলছে, তার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। তিনি তার পোস্টে নিজের চিন্তাধারা, পারিবারিক প্রেক্ষাপট এবং ধর্মীয় রক্ষণশীলতা ও উগ্রতার বিরুদ্ধে তার আপসহীন অবস্থান পরিষ্কার করেছেন।
লেখার শুরুতেই পারশা উল্লেখ করেছেন, বিয়ে কোনো ধর্মের পেটেন্ট করা প্রথা নয় এবং প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা থেকেই এর প্রচলন রয়েছে। সন্তান লালন-পালনের প্রবল আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, তার কাছে বিয়ে কোনো বিলাসী বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও মানসিক প্রয়োজনীয়তা। আসাদ নূরের মধ্যে তিনি ভবিষ্যৎ সন্তানদের জন্য একজন দায়িত্বশীল বাবাকে খুঁজে পেয়েছেন বলেও জানান।
লেখিকা তসলিমা নাসরিনের সঙ্গে তাকে তুলনা করার ট্রোলের জবাবে পারশা স্পষ্ট করেছেন যে, কারও দ্বিতীয় সংস্করণ হওয়ার কোনো ইচ্ছে তার নেই; তিনি নিজের পরিচয় নিজেই তৈরি করতে চান। আসাদের জীবন সংগ্রামের কথা তুলে ধরে পারশা জানান, তাদের দুজনের পারিবারিক শুরুর জায়গাটি সম্পূর্ণ আলাদা। পারশা যেখানে একটি সংস্কৃতিমনস্ক, সুবিধাপ্রাপ্ত ও মুক্তচিন্তার পরিবারে বড় হয়েছেন, সেখানে আসাদের জীবনপথ ছিল কণ্টকাকীর্ণ। আসাদের মাদ্রাসায় পড়াশোনা, সেখানে নির্যাতনের শিকার হওয়া এবং পরবর্তী বিভিন্ন ঘটনার জেরে সামাজিক ও পারিবারিক চাপের কারণে তিনি ভিন্ন চিন্তার দিকে ঝুঁকেছিলেন বলে জানান পারশা।
পারশা আরও উল্লেখ করেন, অতীতে সামাজিক বৈষম্য ও উগ্রতার শিকার হয়ে আসাদকে জেল খাটতে হয়েছে এবং দীর্ঘ ১০ বছর ধরে তিনি তার মায়ের মুখ দেখতে পারেননি। তবে বর্তমানের আসাদ আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব ও যত্নশীল বলে দাবি করেন পারশা। নিজের পরিবারের উদার মানসিকতার কথা উল্লেখ করে তিনি জানান, তার বাবা-মা শুরুতে এই বিয়েতে রাজি না থাকলেও শেষ পর্যন্ত মেয়ের ব্যক্তিস্বাধীনতাকে সম্মান জানিয়েছেন। তার বড় ভাই একজন প্র্যাকটিসিং মুসলিম এবং ইসলাম নিয়ে গবেষণা করলেও পরিবারের ভেতরে কিংবা বাইরে কারও ব্যক্তিগত স্বাধীনতায় তারা হস্তক্ষেপ করেন না।
পরিশেষে পারশা বলেন, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর সহমর্মিতাই মনুষ্যত্বের প্রথম পরিচয়। ধর্ম পালনের সঙ্গে নিজের কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, তার আপত্তি ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরুদ্ধে। নারীর পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার তীব্র প্রতিবাদ জানান তিনি।
আপনার মতামত লিখুন :