
পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দিয়েছেন তিনি।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতেই প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তার সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।
উক্ত সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণসহ পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ করণীয় বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।
গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া সভায় অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :