
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহের মাথায় তার ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সংসদ সচিবালয় থেকে আসনটি শূন্য ঘোষণার পর সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে কমিশন এই ভোটের দিনক্ষণ চূড়ান্ত করেছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই তফসিল চূড়ান্ত করে এবং ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন তিনি শপথ নিলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিনে সংসদ সদস্যের আসন শূন্য হয়ে যায়। এছাড়া সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে আসনটি শূন্য ঘোষণার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়া বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম আলোচনায় রয়েছে।
আপনার মতামত লিখুন :