Facebook Twitter Instagram YouTube

ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর নকশা ও সমীক্ষা সম্পন্ন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ /
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর নকশা ও সমীক্ষা সম্পন্ন

ঢাকা-চট্টগ্রাম রেলপথে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই রুটে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, দেশের অন্যতম প্রধান এই অর্থনৈতিক করিডোরে যাত্রী পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং যাতায়াত সহজতর করার লক্ষ্যে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে পুরো ঢাকা-চট্টগ্রাম রেলপথকে আধুনিক ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

তিনি আরও জানান, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম অংশের ডুয়েলগেজ ডাবল লাইনে রূপান্তরের সমীক্ষা ও নকশা প্রণয়ন শেষ হয়েছে। এর মধ্যে লাকসাম-চট্টগ্রাম অংশের উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং টঙ্গী-আখাউড়া অংশের প্রস্তাব তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।

এছাড়া ঢাকা থেকে সরাসরি কুমিল্লা পর্যন্ত একটি নতুন কর্ডলাইন নির্মাণের প্রস্তাবও সরকারের বিবেচনায় আছে। এই কর্ডলাইন নির্মিত হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কমবে, যার ফলে ট্রেনের গড় গতি বৃদ্ধি পাবে এবং যাতায়াতের সময় সাশ্রয় হবে। এই নতুন কর্ডলাইনের সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা তৈরির কাজও এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ঢাকা-চট্টগ্রাম করিডোরে আধুনিক ইলেকট্রিক ট্র্যাকশন ব্যবস্থার কারিগরি প্রস্তুতি ও নকশা প্রণয়ন সম্পন্ন হয়েছে। দেশি কিংবা বিদেশি উৎস থেকে অর্থায়ন নিশ্চিত হওয়ার পরপরই প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হবে এবং রেলওয়ের সামগ্রিক পরিবহন সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din