
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গত বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও অতি বৃষ্টির কারণে কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দিন পার করেছেন। গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিভিন্ন এলাকায় তার ছিঁড়ে সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টা থেকে উপকেন্দ্রের সকল লাইন বন্ধ হয়ে যায় এবং বিকাল ৩টার পরে কেবল কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়।
মির্জাগঞ্জ সাব জোনাল অফিসের তথ্যমতে, উপজেলায় মোট গ্রাহক সংখ্যা ৪০ হাজার। সাব জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক পলক সাহা জানান, ওই এলাকায় বিদ্যুতের চাহিদা ৮ মেগাওয়াট হলেও ঘাটতির কারণে মাঝেমধ্যে মাত্র চার থেকে সাড়ে চার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যায়। এই ঘাটতির ফলেই নিয়মিত লোডশেডিংয়ের কবলে পড়তে হয় গ্রাহকদের। এর ওপর গত তিন দিনের প্রতিকূল আবহাওয়ায় গাছপালা পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা চলায় পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। মাধবখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক মৃধা জানান, তার ছেলে দশম শ্রেণিতে পড়ে এবং সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। গ্রামে বিদ্যুতের কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন তিনি।
আপনার মতামত লিখুন :