Facebook Twitter Instagram YouTube

স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ /
স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনা ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে রাষ্ট্রীয় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে ধাপে ধাপে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক, নিম্নআয়ের ও অসহায় পরিবারগুলোকে সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায় নিয়ে আসা। গৌরনদী উপজেলায় ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৬০০ পরিবারকে কার্ড প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও যোগ্য পরিবারকে এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে।

নতুন অর্থবছরের বাজেটে এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময় প্রণীত বাজেটে এই খাতের জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। নতুন বাজেটের বরাদ্দের ভিত্তিতে আগামী এক বছরের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নারীর শিক্ষা ও স্বাবলম্বিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ চালু করেছিল। বর্তমান সরকার সেই উদ্যোগকে আরও সম্প্রসারিত করে মেয়েদের স্নাতক (অনার্স) পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করতে চায়। এর পাশাপাশি মেধাবী ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থাও করা হবে। তিনি আরও বলেন, শিক্ষিত ও স্বাবলম্বী নারীই একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শত শত ফ্যামিলি কার্ডধারী পরিবার অংশ নেয়। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কর্মসূচির বাস্তবায়ন নিয়ে মতামত শোনেন। অনুষ্ঠান শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল নগরীর উদ্দেশে গৌরনদী ত্যাগ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin