Facebook Twitter Instagram YouTube

গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ / ০
গৌরনদীতে ফ্যামিলি কার্ড উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত চিত্র এবং এর প্রভাব সম্পর্কে জানতে বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগী পরিবারগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আয়োজনে তিনি উপকারভোগীদের আর্থিক অবস্থার পরিবর্তন এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা কতটা উপকৃত হচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। মতবিনিময়কালে উপস্থিত উপকারভোগীরা জানান, এই কর্মসূচির ফলে তাদের পারিবারিক জীবনে স্বস্তি ফিরেছে এবং সন্তানদের পড়াশোনা ও চিকিৎসার ব্যয় মেটানো আগের চেয়ে সহজ হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত নারী উপকারভোগীদের কয়েকজনের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ফ্যামিলি কার্ড পাওয়ার পর তাদের জীবনযাত্রায় কী ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে তা জানতে চান। সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারুল আক্তার জানান, কার্ড পাওয়ার আগে সংসারের দৈনন্দিন খরচ ও সন্তানদের পড়াশোনার ব্যয় মেটাতে হিমশিম খেতে হতো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভোট দেওয়ার পরপরই তারা এই সহায়তা পেয়েছেন। এছাড়া পারুল আক্তার ভাঙা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেন মহাসড়ক নির্মাণের দাবি জানান, যা দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াবে।

অন্যান্য উপকারভোগীরাও জানান, ফ্যামিলি কার্ডের সহায়তায় তারা ওষুধ কেনা এবং হাঁস-মুরগি পালনের মতো বাড়তি আয়ের পথ তৈরি করতে পারছেন। উপকারভোগীদের কথা শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য কেবল আর্থিক সহায়তা প্রদান নয়, বরং প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল করে তোলা এবং নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা। তিনি জোর দিয়ে বলেন যে, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেলে সমাজ ও পরিবার উভয়ই উপকৃত হয়।

প্রধানমন্ত্রী আরও জানান, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করা হচ্ছে এবং পর্যায়ক্রমে এই কর্মসূচি দেশের আরও অনেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গৌরনদীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুলসংখ্যক ফ্যামিলি কার্ডধারী পরিবার উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin