
আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন ও অত্যাচার চালিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে সরাতে বিএনপিকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই বিবেচনায় আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, গত পরশুদিন ভারতে বসে পতিত ফ্যাসিস্ট সরকার একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেছিল। এর জবাবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের তীব্র প্রতিবাদ জানিয়েছে, অতীতে কোনো সরকার এমন প্রতিবাদ জানাতে পারেনি। দেশের বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জারি করা সতর্কতার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই; এটি কেবলই একটি নিয়মিত বা রুটিন কাজের অংশ।
পরবর্তীতে মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদের সঞ্চালনায় এই সভায় উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওযার্ড বিএনপির নেতাকর্মীসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার ওপর জোর দেন তারা।
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৭: ২৬আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৭: ২৭
আপনার মতামত লিখুন :