Facebook Twitter Instagram YouTube

শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মার্কিন আদালতের


প্রকাশের সময় : আগস্ট ৭, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ /
শিশু সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মার্কিন আদালতের

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করার অভিযোগে নিউ মেক্সিকোর সান্তা ফের ফার্স্ট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ব্রায়ান বিডশাইড এই রায় দেন। জরিমানার এই অর্থ শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামে বিভিন্ন পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেমোক্র্যাট দলীয় অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের করা মামলার পরিপ্রেক্ষিতে এই রায় দেওয়া হলো। রায়ে বিচারক ব্রায়ান বিডশাইড উল্লেখ করেন, মেটার কার্যক্রম নিউ মেক্সিকোতে জনস্বার্থের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে। অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস অভিযোগ করেছিলেন, মেটা ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করেছে যাতে শিশুরা আসক্ত হয়ে পড়ে। এছাড়া প্ল্যাটফর্ম দুটি শিশুদের যৌন হয়রানি থেকে সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে।

আদালতের রায় অনুযায়ী, আগামী পাঁচ বছর শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটাকে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য মাসিক সময়সীমা নির্ধারণ করা, অতিরিক্ত নোটিফিকেশন সীমিত করা, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের যোগাযোগের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের জন্য নতুন নিরাপত্তাব্যবস্থা তৈরি করা। এছাড়া শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ আরও গুরুত্বের সাথে পর্যালোচনা করতে বলা হয়েছে।

বিশেষ করে মেটার এআই চ্যাটবট নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন আদালত। রয়টার্সের এক অনুসন্ধানে মেটার অভ্যন্তরীণ নথির বরাতে জানানো হয়েছিল, তাদের চ্যাটবট শিশুদের সঙ্গে যৌন ইঙ্গিতপূর্ণ বা প্রেমের সম্পর্কবিষয়ক বার্তা আদান-প্রদান করতে পারে। আদালতের সর্বশেষ রায়ে নির্দেশ দেওয়া হয়েছে, নিউ মেক্সিকোর কোনো শিশু যেন মেটার এআই চ্যাটবটের সাথে এমন কোনো কথোপকথনে জড়াতে না পারে এবং প্রাপ্তবয়স্করাও যেন চ্যাটবট ব্যবহার করে শিশুদের ঘিরে কোনো যৌন ইঙ্গিতপূর্ণ পরিস্থিতি তৈরি বা আলোচনা করতে না পারেন।

এর আগে চলতি বছরের মার্চ মাসে এই মামলার প্রথম ধাপে একটি জুরি বোর্ড রায় দিয়েছিলেন যে, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তখন মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল রাউল তোরেস বলেন, মেটা শিশুদের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফাকে বেশি প্রাধান্য দিয়েছে। এই প্রথম কোনো সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকে শিশুদের সুরক্ষায় তাদের প্ল্যাটফর্মে পরিবর্তন আনতে বাধ্য করা হচ্ছে, যা অন্য অঙ্গরাজ্য ও দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে মেটা এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারা ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে নিয়মিত কাজ করছে এবং অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নেওয়া পদক্ষেপের বিষয়ে তারা আত্মবিশ্বাসী।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান মামলাগুলোর মধ্যে নিউ মেক্সিকোর এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং ১ হাজার ৩০০টির বেশি স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে জনস্বার্থের ক্ষতি করার অভিযোগে মামলা করেছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে আরও একটি বড় মামলার মুখোমুখি হতে যাচ্ছে মেটা, যেখানে ২৯টি অঙ্গরাজ্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের আসক্ত করার অভিযোগ এনেছে। এছাড়া টেনেসি অঙ্গরাজ্যের করা আরেকটি মামলার শুনানিও গত জুলাই থেকে শুরু হয়েছে। মেটা ইতিমধ্যে তাদের বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে বাড়তে থাকা আইনি চাপ তাদের ব্যবসায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo