
দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। একইসঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফর সম্পর্কে জানান, “প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগের তিন জেলায় যাচ্ছেন। মঙ্গলবার সকালে তিনি প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন।” তিনি আরও উল্লেখ করেন, “এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।”
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন। তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবেন।
এরপর তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নামবেন এবং দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
রাজশাহী থেকে বিমানযোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। সন্ধ্যায় তিনি নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে একই দিন রাতেই তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।
উল্লেখ্য, এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। সেসময় ডা. জুবাইদা রহমান তার সঙ্গে ছিলেন।
মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী উদ্যাপিত হবে এবং পরদিন বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই দুর্গোৎসব শেষ হবে।
আপনার মতামত লিখুন :