
রংপুর নগরীতে সরকারি হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত ওষুধ চোরাইপথে বাইরে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করার পাশাপাশি এই চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে অমল চন্দ্র রায় (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া সরকারি ওষুধ কীভাবে বাইরে এল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রংপুর নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকার 'বাদল ফার্মেসি'তে অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযানে সেখান থেকে চোরাই ১৬ পিস সরকারি ভ্যাকসিটেড-আইজি ওষুধ উদ্ধার করা হয় এবং অমল চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অমল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায়ের ছেলে। বর্তমানে তিনি রংপুর মহানগরীর কোতোয়ালি থানার সাগরপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী শনিবার দুপুরে জানান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দায়ের করা একটি চুরির মামলার রিমান্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে তদন্তের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বাদল ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ওষুধগুলো সরকারি হওয়ায় সেগুলো কীভাবে হাসপাতাল বা সরকারি সরবরাহ ব্যবস্থা থেকে বাইরে এসে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আপনার মতামত লিখুন :