
জিয়া পরিষদ ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় ডেসকোর প্রশিক্ষণ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। তিনি উপস্থিত নেতাকর্মীদের ইতিহাসের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বলেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি দাবি করেন, দেশের গণতন্ত্র সংকটের মুখে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে সবসময় ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভালোবাসাকে পুঁজি করে রাজনীতি করে এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জিয়া পরিষদের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মো. মনোয়ারুল ইসলাম এনাম। জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেসকো শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মোগল। এ সময় ডেসকো শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং জিয়া পরিষদ ডেসকো শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবনিযুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :