
সামিরা খান মাহি এখন ৭৫তম মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। তার মাথায় মুকুট ওঠার পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা চলছে। বিশ্বমঞ্চে তার প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা, প্রতিযোগিতার স্বচ্ছতা এবং তার গায়ের রং নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন। তবে এসব আলোচনার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক নারীর দীর্ঘদিনের সংগ্রাম, নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা এবং বারবার ঘুরে দাঁড়ানোর গল্প।
সামিরা খান মাহির জন্মনাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে শোবিজে নিজের পরিচিতি তৈরির সময় তিনি নাম পরিবর্তন করে সামিরা খান মাহি রাখেন। সেই বছর একটি মডেল হান্ট প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার মাধ্যমে তার বিনোদন অঙ্গনে পথচলা শুরু হয়। র্যাম্প মডেলিংয়ের পাশাপাশি তিনি রেডিও নেক্সট ৯৩.২ এফএম ও রেডিও আমার ৮৮.৪ এফএমের বিভিন্ন লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন, যদিও তিনি পেশাদার রেডিও জকি হিসেবে কাজ করেননি।
ক্যারিয়ারের শুরুর দিকে শোবিজে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মতো কোনো অভিভাবক বা পরিচিত মানুষ না থাকায় মাহিকে অধিকাংশ সিদ্ধান্ত একাই নিতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট তৈরি করে পরিচিতি পাওয়ার পাশাপাশি তাকে নেতিবাচক মন্তব্য ও ট্রলের শিকার হতে হয়েছে। অভিনয়ে আসার পর তাকে বৈষম্যের মুখোমুখি হতে হয়। বিশেষ করে গায়ের রং ও দাঁতের গঠনের কারণে শুরুতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি। তখন তাকে মানসিক ভারসাম্যহীন নারী কিংবা গৃহকর্মীর মতো চরিত্রে অভিনয় করতে হয়েছিল, কিন্তু এসবে তিনি থেমে থাকেননি।
মডেলিংয়ে নিজের অবস্থান তৈরি করার সময় শারীরিক অসুস্থতা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়ায়। প্রায় তিন বছর তাকে পেশাদার কাজ থেকে দূরে থাকতে হয়। দীর্ঘ এই বিরতির সময় ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা হারানোর আশঙ্কা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাকে কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছিল।
আপনার মতামত লিখুন :