Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবের সাথে বেসামরিক পরমাণু চুক্তিতে সায় দিলেন ট্রাম্প


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ /
সৌদি আরবের সাথে বেসামরিক পরমাণু চুক্তিতে সায় দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৩০ বছর মেয়াদী এই চুক্তির আওতায় সৌদি ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ সৃষ্টি হতে পারে, যা মধ্যপ্রাচ্যের কৌশলগত ও ভূ-রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

অনুমোদিত চুক্তির শর্তানুসারে, সৌদি আরব বেসামরিক খাতে পরমাণু শক্তির ব্যবহার করতে পারবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র আগামী তিন দশক পর্যন্ত সৌদিকে প্রয়োজনীয় প্রযুক্তি, উপকরণ এবং পরামর্শ সহায়তা প্রদান করবে। এই চুক্তির ফলে সৌদি আরব কয়েক হাজার কোটি ডলার যুক্তরাষ্ট্রকে প্রদান করবে এবং দেশটির বেসামরিক পরমাণু কর্মসূচিতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগের পথ উন্মুক্ত হবে।

ট্রাম্পের অনুমোদিত এই চুক্তিতে তথাকথিত 'গোল্ড স্ট্যান্ডার্ড' নীতি অন্তর্ভুক্ত করা হয়নি। এর ফলে সৌদি আরব চাইলে পরমাণু বিশুদ্ধকরণ এবং ব্যবহৃত জ্বালানি পুণঃপ্রক্রিয়াকরণ কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়া এতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক অ্যানার্জি অথরিটি (আইএইএ)-এর যে কোনো সময় পরিদর্শনের বাধ্যবাধকতা বা 'অতিরিক্ত প্রটোকল' নীতিও এড়িয়ে যাওয়া হয়েছে। চুক্তির খসড়া অনুযায়ী, প্রকল্পের সুরক্ষা ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব দ্বিপাক্ষিকভাবে নির্ধারণ করবে।

কংগ্রেসে চুক্তিটি পাস হলে ইউরেনিয়াম ক্রয় ও সমৃদ্ধকরণে সৌদির পথে আর কোনো বাধা থাকবে না। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, কঠোর আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা ছাড়া অভ্যন্তরীণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। উল্লেখ্য, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর আগে মন্তব্য করেছিলেন যে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সৌদি আরবও নিজস্ব পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin