Facebook Twitter Instagram YouTube

শাহরাস্তিতে অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৬:২২ পূর্বাহ্ণ /
শাহরাস্তিতে অটোরিকশার ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রী হাফসার মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার (১০) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। হাফসা স্থানীয় চিতোষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চিতোষী পূর্ব ইউনিয়নের চাঁন্দল গ্রামের পদ্মারপাড় এলাকার ব্যবসায়ী মো. হামিদের বড় মেয়ে।

রোববার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় হাফসা চিতোষী বাজারে তার বাবার দোকানে বসে ছিল। একই সময়ে এক অটোরিকশাচালক তার গাড়ির চাবি অন অবস্থায় রেখে গাড়ি থেকে নেমে যান। ওই অটোরিকশায় থাকা এক যাত্রীর সঙ্গে আসা একটি শিশু খেলার ছলে গাড়ির পিকআপ চেপে ধরলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে হামিদের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে হাফসা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হাফসাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার উদ্দেশে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর অটোরিকশাচালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে চিতোষী বাজার ও নিহতের গ্রামের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh