Facebook Twitter Instagram YouTube

ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ /
ভারত শেখ হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী, যিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত। তিনি এবং তার দলের বহু লোকজন ওখানে পালিয়ে আছে, তারাও সাজাপ্রাপ্ত, ভারতে পালিয়ে আছেন। ভারতের সঙ্গে আমাদের এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তির আওতায় আমরা কিন্তু সেই কমিউনিকেশন (যোগাযোগ) ভারত সরকারের সঙ্গে করছি। ভারত সরকার বলেছে এটি একটি আইনগত ব্যাপার। তাদের বিচার বিভাগ এটা দেখছে।'

তিনি আরও বলেন, 'এখানে পার্থক্যটা হচ্ছে উনি দণ্ডপ্রাপ্ত আসামি। কোথায় বসে কী বলছে, এটা বিবেচ্য বিষয় না বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে কমিউনিকেশনে আছে। যখনই এক্সট্রাডিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়া হবে, তখনই বাংলাদেশের আইনে তাকে অ্যারেস্ট (গ্রেপ্তার) করা হবে এবং জেলে যেতে হবে। ইতোমধ্যে বাংলাদেশের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছেন।'

মক্কা চুক্তি প্রসঙ্গে শামা ওবায়েদ জানান, কোনো জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো জোটে যুক্ত হওয়ার আগে দেশের নীতি মেনে এবং বাংলাদেশের মানুষের স্বার্থ ও উপকার বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে।

মানবপাচার রোধে মাদারীপুরসহ ১৪টি জেলায় কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক দালালচক্রের বিষয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এই দালালদের চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য দেওয়ার নির্দেশ দেন। লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা রোধে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মানবপাচার রোধে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করেছে।

সভায় মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার সভাপতিত্ব করেন। এতে মাদারীপুর-২ আসনের এমপি জানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের এমপি আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খানসহ স্থানীয় পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy