প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিসের স্টাফ পরিচয় দিয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের সিংড়া থেকে আবু হূরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ অক্টোবর) অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। একই দিন এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিসের স্টাফ হিসেবে পরিচয় দিত। সরকারি চাকরি, রাজনৈতিক পদে পদায়ন কিংবা মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি করত। সম্প্রতি গ্রেপ্তার আবু হূরায়রা একই কৌশল অবলম্বন করে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক পদে মনোনয়নের জন্য ফরম পূরণের নামে অর্থ দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার পর গোয়েন্দা পুলিশ প্রতারক চক্রের সদস্যদের শনাক্ত করতে অভিযানে নামে।
গ্রেপ্তার আবু হূরায়রা সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে। তাঁর অতীত কর্মকাণ্ড সম্পর্কে পুলিশ জানিয়েছে, তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রংপুরে থাকাকালীন তাঁর বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগে মামলা হওয়ার তথ্য পেয়েছে পুলিশ।
শনিবার নাটোরের পুলিশ সুপার শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ডিজিটাল মাধ্যমে কেউ কোনো পদবি ব্যবহার করে অর্থ দাবি করলে যাচাই না করে টাকা না দেওয়া এবং তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :