Facebook Twitter Instagram YouTube

জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত সরকারের


প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ / ০
জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলন সামনে রেখে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে সরকারি সফরে জাপান যাবেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সীমিত বাজেটের মধ্যেও বাংলাদেশ জলবায়ু অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবারের সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ। তিনি আরও বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনের বিষয়গুলোকে সমান গুরুত্ব দিতে হবে। উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং এই সহায়তা ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়া জরুরি, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা না বাড়ে। এছাড়া জলবায়ুর ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও যুক্ত করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin