জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-২’ পর্যায়ের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কাজ সফলতার সঙ্গে শেষ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। এখন বাযেরার প্রয়োজনীয় অনুমোদন মিললেই বিদ্যুৎ উৎপাদনের মূল প্রস্তুতিমূলক ধাপ বা ‘পাওয়ার স্টার্টআপে’ প্রবেশ করবে কেন্দ্রটি।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, নিয়ন্ত্রণ সংস্থার ইতিবাচক সাড়া পাওয়া গেলে চলতি মাসের শেষ দিকে, সম্ভাব্য ২৫ অক্টোবরের মধ্যে পাওয়ার স্টার্টআপের কার্যক্রম শুরু করার প্রস্তুতি রয়েছে। অবশ্য নির্ধারিত সময়ে এই কাজ শুরু হওয়া পুরোপুরি বাযেরার অনুমোদনের ওপর নির্ভর করছে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন সীমিত পরিসরে শুরু হলেও পরবর্তী ধাপগুলোর সাফল্য সাপেক্ষে তা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী সংস্থা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম ইউনিটের বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ সব পরীক্ষা সম্পন্ন করে গত বুধবার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বাযেরার অনুমোদন পাওয়া মাত্রই ইউনিটটি ‘সি স্টেজে’ পৌঁছাবে এবং এরপরই পাওয়ার স্টার্টআপের কাজ শুরু হবে। প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে। সব পরীক্ষার ধাপ সফলভাবে শেষ করা এবং আনুষঙ্গিক অনুমোদন পাওয়ার ওপর ভিত্তি করে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রাখা হয়েছে।
এদিকে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি সরজমিনে পর্যালোচনা করতে একটি উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল গত ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করে। রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে আসা প্রতিনিধিদলটি সফরকালে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়। বৃহস্পতিবার রাতে তারা বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। ঢাকার রাশিয়ার দূতাবাস শুক্রবার (২৩ অক্টোবর) তাদের বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর সঙ্গে আয়োজিত ওই বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও এনপিসিবিএলের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে রুশ প্রতিনিধিদল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের ক্রিটিক্যাল পর্যায়সহ সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ ছাড়া উভয়পক্ষ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ, সার্বিক অগ্রগতি এবং অদূর ভবিষ্যতে দুই দেশের যৌথভাবে বাস্তবায়নযোগ্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের প্রথম উপমহাপরিচালক এবং অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ২০-২৩ অক্টোবর পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনে বাংলাদেশ সফর করে। এসময় প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, উচ্চপর্যায়ের রুশ প্রতিনিধিদল বৈঠকে ইউনিট-১-এর ক্রিটিক্যাল পর্যায়ের অগ্রগতি সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেছে। নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন পাওয়া গেলে ইউনিটটি সি স্টেজে প্রবেশ করবে এবং এরপর পাওয়ার স্টার্টআপের কার্যক্রম শুরু হবে।
আপনার মতামত লিখুন :